
চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিনটি আদালতের বিচারক বর্জনের পর এবার তাঁদের প্রত্যাহারের দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। এই দাবি মানা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সমিতির নেতারা।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় চাঁদপুর আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।
সভায় সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আদালত-১) পলাশ বর্ধ্বন এবং সদর সিনিয়র সহকারী সিভিল জজ শম্পা ইসলামের দ্রুত প্রত্যাহার দাবি করেন। তাঁর অভিযোগ, ওই তিন বিচারকের সঙ্গে আইনজীবীদের ধারাবাহিক অসৌজন্যমূলক আচরণের কারণে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি হয়েছে।
সমিতির সভাপতি জানান, গত ৯ সেপ্টেম্বর প্রায় সাড়ে ৪০০ আইনজীবীর উপস্থিতিতে বারের জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ওই আদালতগুলো বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি সমাধানে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, বিচারকেরা আইনজীবীদের বিরুদ্ধে মামলা করার হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। আইনজীবীদের বিরুদ্ধে অন্যায় পদক্ষেপ নেওয়া হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।
সভায় বক্তারা আইনজীবী ও বিচারকদের মধ্যকার দূরত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধানের আহ্বান জানান। আদালত প্রাঙ্গণে আসা বিচারপ্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও বিচারকদের দৃষ্টি রাখার অনুরোধ জানান তাঁরা।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম মেহেদীর সঞ্চালনায় সভায় সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সরকারি কৌঁসুলি (জিপি) এজেডএম রফিকুল হাসান রীপন, পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদসহ অন্যরা বক্তব্য দেন।
সভা শেষে আইনজীবীরা ব্যানারসহ আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।