
মতলব উত্তর উপজেলায় জলাতঙ্কের ঝুঁকি কমাতে ব্যাপক হারে পথকুকুরকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে পাঁচ দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পেইনে প্রায় ৩০০টি পথকুকুরকে জলাতঙ্কপ্রতিরোধী টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাসসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ডগ ক্যাচার, ভ্যাক্সিনেটর ও সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস জানান, পাঁচ দিনের কর্মসূচিতে উপজেলার প্রায় ৩০০ কুকুরকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। কর্মসূচি বাস্তবায়নে তিনটি টিম মাঠে কাজ করছে। প্রতিটি টিমে দুইজন ডগ ক্যাচার, একজন ভ্যাক্সিনেটর ও একজন সার্ভেয়ার দায়িত্ব পালন করছেন।
ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, কুকুরকে ব্যাপকভাবে জলাতঙ্কপ্রতিরোধী টিকার আওতায় আনা গেলে মানুষের মধ্যে এ প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমবে। তিনি কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা ও জলাতঙ্কপ্রতিরোধী ইনজেকশন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও জানান। রোগ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।