
মতলব দক্ষিণ প্রতিনিধি: মতলব পৌর শহরের কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ‘মিড-ডে মিল’-এর বনরুটি পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সরকারি খাবারের এমন অপচয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে বিদ্যালয়ের আয়া লিপি দাসকে বনরুটিগুলো পুকুরে ফেলে দিতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। খাবার নষ্টের জন্য দায়ীদের শাস্তির দাবি জানান ক্ষুব্ধ অভিভাবকেরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম জানান, রুটি বিতরণের দিন শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় কিছু বনরুটি উদ্বৃত্ত ছিল। পরে সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় পুকুরে ফেলে দেওয়া হয়।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি বিদ্যালয়ে যান এবং পুকুর থেকে রুটিগুলো উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম জানান, ঘটনাটি বিস্তারিত তদন্তের দায়িত্ব প্রাথমিক শিক্ষা অফিসারকে দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।