
নিজস্ব প্রতিনিধি: হাজীগঞ্জ পৌরসভার মধ্য সাকছিপাড়া বাইতুর নূর জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বাদ আসর এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তালিমে হিযবুল্লাহর আমির ও সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর ছাহেব মাওলানা মো. মাহমুদুর রহমান বলেন, মানুষকে ঈমানহারা করতে বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে। টাকার বিনিময়ে সমাজ নষ্ট করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, কারও ক্ষতির কারণ না হয়ে সাধ্যমতো মানুষের উপকার করতে হবে। তাঁর বক্তব্যে কুরআন-সুন্নাহর আলোকে হক্কানী পীরের সোহবতে থাকার আহ্বান জানানো হয়। ভুয়া বেহেশতের টিকিট বিক্রির নামে প্রতারণা এবং এর আড়ালে নারীদের বিপথগামী করার বিষয়েও তিনি সতর্ক করেন।
স্থানীয় আইনশৃঙ্খলা ও সামাজিক বিভিন্ন বিষয়েও সতর্ক করে মাওলানা মো. মাহমুদুর রহমান বলেন, পাড়ামহল্লায় চুরির ঘটনা বেড়েছে। মানুষের বিদ্যুতের তার ও পানির মোটর চুরি করে নিয়ে যাওয়াদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
হাজীগঞ্জের মধ্য সাকছিপাড়ার বাসিন্দা মো. শাহ্ আলম মাস্টারের সঞ্চালনায় মাহফিলে দরবারের ভক্ত-অনুরক্ত (মোহেব্বীন) ও স্থানীয় ওলামায়ে কেরাম বক্তব্য দেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।