
নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে আগামী ২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ থেকে শুরু হতে যাচ্ছে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’। প্রতিযোগিতায় চাঁদপুর প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ব্যাডমিন্টন একক ও দ্বৈত, ক্যারমবোর্ড একক ও দ্বৈত এবং দাবা একক। অংশগ্রহণে আগ্রহীদের চাঁদপুর প্রেসক্লাবে গিয়ে নাম ও নিজ নিজ ইভেন্টের তথ্য লিপিবদ্ধ করতে বলা হয়েছে।
একক ইভেন্টের জন্য জনপ্রতি এন্ট্রি ফি ১০০ টাকা এবং দ্বৈত ইভেন্টের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অফিস সহকারীর কাছে এন্ট্রি ফি জমা দিয়ে খাতায় খেলোয়াড় বা দলের নাম এবং খেলার নাম নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
নির্ধারিত সময়ে খেলায় উপস্থিত না থাকলে বিপক্ষ দল বা খেলোয়াড়কে বিজয়ী ঘোষণা করা হবে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী খেলা পরিচালিত হবে; নিজস্ব সিদ্ধান্তে সূচি পরিবর্তনের সুযোগ নেই।
সব ইভেন্ট নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ক্যারমবোর্ড, ব্যাডমিন্টন ও দাবা ৩ সেটের ম্যাচ হবে। এর মধ্যে ২ সেটে জয়ী দল বা খেলোয়াড়কে বিজয়ী হিসেবে বিবেচনা করা হবে। দাবা খেলায় প্রতি সেট ৩০ মিনিটের মধ্যে শেষ করতে হবে।
ক্রীড়া প্রতিযোগিতা-সংক্রান্ত বিষয়ে ক্রীড়া পরিচালনা উপকমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছে।