
চাঁদপুরের মতলব দক্ষিণে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী মোবারক হোসেন সরদারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মোবারক হোসেন সরদারের বয়স ৫২ বছর। তিনি একই এলাকার মৃত হোসেন আলী সরদারের ছেলে। তার বাড়ির পাশেই একটি চায়ের দোকান রয়েছে এবং চারটি সন্তান আছে। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী তার সম্পর্কে নাতনী হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, ৩-৪ মাস আগে মোবারক সরদার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করেন। বিষয়টি কাউকে জানালে ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ৩-৪ দিন আগে ওই ভিডিও বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী মোবারক সরদারের বাড়িতে সালিশ বসায়। তবে তিনি সেখানে উপস্থিত না হয়ে পালিয়ে যান।
শুক্রবার সকালে মোবারক বাড়িতে ফিরলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে মারধর করে পুলিশে খবর দেয়। পরে মতলব দক্ষিণ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় মোবারক সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নঈমুল ইসলাম রাজিব জানান, আটক মোবারকের মাথা ও শরীরে জখম রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগীর বাবা বলেন, ঘটনা জানাজানি হওয়ার পর তার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি মোবারক সরদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মোবারকের স্ত্রীও স্বামীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সালিশে তিনি উপস্থিত না হওয়ায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে।