
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। বড় বড় খানাখন্দ ও গর্তে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ছেংগারচর বাজার-দশানী বেড়িবাঁধ, বালুরচর-কলাকান্দা ইউনিয়ন, ঢালীকান্দি-সুগন্ধি বেড়িবাঁধ এবং ছেংগারচর বাজার-শ্রীরায়েরচরসহ পৌরসভার কয়েকটি পাকা সড়কের অবস্থা নাজুক। সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে কাদা-পানির সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে পথচারীদের ভোগান্তি বাড়ে।
স্থানীয়দের ভাষ্য, সড়কগুলোর করুণ অবস্থার কারণে নিয়মিত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় তারা আতঙ্কে থাকেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ বাসিন্দারা জানান, সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও দীর্ঘদিনে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।
সড়ক ও জনপথ বিভাগের অধীনে নির্মাণাধীন ছেংগারচর বাজার-শ্রীরায়েরচর সড়কটির কাজ গত সরকারের আমলে শুরু হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ায় নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
এক অটোরিকশা চালক বলেন, বৃষ্টি হলে সড়কে গাড়ি চালানো কঠিন হয়ে পড়ে। খানাখন্দের কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হওয়ায় চালকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ছেংগারচর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মান্নানুল ইসলাম জানান, সড়কগুলোর অবস্থা নাজুক এবং দীর্ঘদিন মেরামত হয়নি। সড়ক সংস্কারের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে; প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, ছেংগারচর প্রথম শ্রেণির পৌরসভা হলেও অর্থ ও জনবলের ঘাটতি রয়েছে। জনস্বার্থে সড়কগুলো দ্রুত সংস্কার প্রয়োজন। কয়েকটি সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বরাদ্দ পাওয়া সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।