
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার বলেছেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানসিক বিকাশের দিকে নজর দিতে হবে। শিশুদের সুশিক্ষিত করে তুলতে মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি শিক্ষকদের স্নেহ ও যত্নের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭৬ নম্বর ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলমগীর সরকার বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার লক্ষ্যও থাকা প্রয়োজন। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা ও সততা শিক্ষার্থীদের সফলতার পথে এগিয়ে নেবে বলেও তিনি উল্লেখ করেন।
ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. জামাল হোসেন। সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ।
সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।