
নিজস্ব প্রতিনিধি: ‘সাহিত্যে মনন, সংস্কৃতিতে শেকড়, চিন্তায় মুক্তি, চেতনায় প্রগতি’—এই স্লোগানকে সামনে রেখে মতলব দক্ষিণে প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর ২০২৬) বিকেলে মতলব কেএফটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে সম্মেলনটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ও সাবেক সচিব জাকির হোসেন কামাল।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. নাজমুল আমীন মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সাহিত্য ক্লাবের শিক্ষার্থীদের লেখা কবিতা, গল্প ও স্মৃতিচারণ নিয়ে সংকলিত ‘সৃজন তরী’ সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। পরে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাটিকাসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরেন।
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাসের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী রোজা, আতিফ ও স্পর্শ যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম, স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান সারোয়ার হোসেন ও রোমান সরকার।
সম্মেলনের শেষ পর্যায়ে স্বরচিত গল্প, কবিতা, ভ্রমণকাহিনি, সুন্দর হাতের লেখা এবং বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপসহ সাহিত্যের বিভিন্ন শাখায় কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।