
শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে প্রবাসির স্ত্রীর সাথে পরকীয়ার অবৈধ সম্পর্কের ভিডিও ধারণ করায় এক যুবককে বেদম মারধর করে ও জীবন নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল বিকেল উপজেলার চিতোষী পুর্ব ইউনিয়নের বরই পুকুরিয়া (মুন্সি বাড়ী) জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় গন্যমান্য, ভুক্তভোগীর পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মো.আজগর হোসেন বলেন, বরই পুকুরিয়া মুন্সি বাড়ীর জনৈক প্রবাসীর স্ত্রী রিমা বেগমের (২৭) সাথে একই বাড়ির সফিকুর মিয়ার ছেলে ওমর ফারুক শামীম (২৬) পরকীয়ার সম্পর্ক দীর্ঘদিন চলছিল। গত ৩০ এপ্রিল রাত আনুমানিক ৩ টায় অভিযুক্ত শামীম রিমা বেগমের বসত ঘরে প্রবেশ করে। এ সময় পূর্ব থেকে পাহারায় থাকা একই বাড়ির আফতাব হোসেনের ছেলে সারোয়ার হোসেন রাব্বি সহ আরো কয়েকজন মিলে ঘটনার প্রমান স্বরূপ শামীম ও রিমার অবৈধ সম্পর্কের ভিডিও ধারণ করে।
পরবর্তীতে শামীম তার দুই ভাই সোলায়মান প্রকাশ পারভেজ ও মোঃ শাহীনকে ফোন করে ডেকে আনে। তারা এসে প্রথমে রাব্বির মোবাইল ছিনিয়ে নিয়ে রিমার হাতে দিলে রিমা মোবাইল থেকে ভিডিও ডিলিট করে দেয়। আর অভিযুক্ত শামীম ও তার তিন ভাই মিলে রাব্বি সহ তার দুই সঙ্গীকে বেদম প্রহার করে এ বিষয়ে বাড়াবাড়ি করলে জানে মেরেফেলার হুমকি দিয়ে এবং রাব্বি থেকে অসত্য বক্তব্য ভিডিও করে নেন।
এ বিষয়ে অভিযুক্ত রিমার বক্তব্য নিতে গেলে বাড়িতে পাওয়া যায়নি। মারধরের ঘটনায় রিমার শাশুড়ি স্বীকার করেন রাব্বিকে শামীম বেদম মারধর করেছেন।
বক্তারা বলেন, পরদিনই এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করলেও কোন সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে মানববন্ধনের মাধ্যমে স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিজেদের নিরাপত্তার দাবী জানান।