1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

কেতুয়া হক মার্কেট-কৃষ্ণপুর সড়ক বেহাল, দুর্ভোগে শিক্ষার্থী ও রোগীরা

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
কেতুয়া হক মার্কেট-কৃষ্ণপুর সড়ক বেহাল, দুর্ভোগে শিক্ষার্থী ও রোগীরা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কেতুয়া হক মার্কেট থেকে কৃষ্ণপুর মিজিবাড়ি জামে মসজিদ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে। এতে প্রতিদিন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছেন।

ইটের সোলিংয়ের এই সড়কটি বর্ষা মৌসুমে আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বৃষ্টিতে সড়কজুড়ে কাদা, পিচ্ছিলতা ও ভেঙে যাওয়া ইটের কারণে পথচারীদের চলাচলে ভোগান্তি তৈরি হয়। সিএনজি, রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চালকদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বলে স্থানীয়রা জানান।

সড়কের পাশে কেতুয়া কমিউনিটি ক্লিনিক অবস্থিত। রাস্তার দুরবস্থার কারণে সেখানে চিকিৎসা নিতে আসা গর্ভবতী নারী, শিশু, বয়স্ক ও আশঙ্কাজনক রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, কাদা ও ভাঙাচোরা রাস্তা পার হতে অতিরিক্ত সময় লাগায় জরুরি রোগীদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে।

কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও নিয়মিত সড়কটি ব্যবহার করেন। বৃষ্টির দিনে কাদা-পানিতে শিক্ষার্থীদের পোশাক ও বই-খাতা নষ্ট হয় এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

স্থানীয়রা জানান, সড়কের অবস্থা এতটাই নাজুক যে অনেক সময় যানবাহন চালকেরা এ পথে আসতে চান না। এতে পণ্য পরিবহন ও জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। কেতুয়া হক মার্কেট থেকে কৃষ্ণপুর মিজিবাড়ি মসজিদ পর্যন্ত পথটি ফারিশা রিসোর্টমুখী যাতায়াতের বিকল্প রুট হিসেবেও ব্যবহৃত হয় বলে স্থানীয়রা জানান।

কেতুয়া কমিউনিটি ক্লিনিকে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সরেজমিনে সড়কটি পরিদর্শন ও স্থায়ীভাবে পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট