
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহিদুল ইসলাম সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পয়ালজোষ উত্তরপাড়া বায়তুল মামুর জামে মসজিদে আসরের নামাজ আদায় শেষে তিনি ইউনিয়নের ৪, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
এ সময় শাহিদুল ইসলাম স্থানীয়দের খোঁজখবর নেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। স্থানীয় বাসিন্দারাও তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
কুশল বিনিময়কালে শাহিদুল ইসলাম বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে জানা যায়। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। রাস্তা, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে জনগণের সহযোগিতা নিয়ে কাজ করার আশাবাদ জানান তিনি।
মো. শাহিদুল ইসলাম বর্তমানে হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
স্থানীয়দের সঙ্গে তাঁর এই কুশল বিনিময় কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।