
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কেক ফেস্টিভ্যাল ও বেকিং অ্যাওয়ার্ড। নারী উদ্যোক্তা তৈরি, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে কাজ করা সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর ২০২৬) চাঁদপুর মুক্তিযোদ্ধা মার্কেটের চাঁদপুর সাংবাদিক ক্লাবে এ আয়োজন করা হয়।
সংস্থাটির আয়োজনে ১০ দিনব্যাপী কেক বেকিং প্রশিক্ষণ শেষ করা ১৬ জন নারী উদ্যোক্তা এতে অংশ নেন। প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে কেক প্রদর্শনী, ফেস্টিভ্যাল এবং সনদ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাঈদ হোসেন অপু।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি রেলওয়ে কিন্ডারগার্টেন চাঁদপুরের অধ্যক্ষ মাহমুদা খানম মনু বলেন, পরিবার ও স্বামীদের সহযোগিতা পেলে নারীরা অনেক দূর এগিয়ে যেতে পারেন। প্রশিক্ষণ নেওয়া নারীরা ব্যবসায়িক চিন্তা নিয়ে এগিয়ে গিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্য নারীদের স্বাবলম্বী করতেও ভূমিকা রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন। তিনি ‘বিজয়ী’র উদ্যোগকে মডেল হিসেবে উল্লেখ করে সংস্থাটির ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানকে ধন্যবাদ জানান।
‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, প্রতিটি কেকের সঙ্গে প্রশিক্ষণার্থীদের মেধা, শ্রম ও ইচ্ছাশক্তি জড়িয়ে আছে। নারীদের এগিয়ে যেতে একে অপরকে সহযোগিতা ও উৎসাহ দিতে হবে বলেও তিনি জানান।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন ধরনের কেক প্রদর্শন করা হয়। বিচারকমণ্ডলী কেকের স্বাদ, মান, সৌন্দর্য ও উপস্থাপনা মূল্যায়ন করে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বাংলাদেশের কর্মকর্তা সিগমা আহসান, চর্যাপদ একাডেমির পরিচালক আইরিন সুলতানা লিমা, উদয়ন শিশু বিদ্যালয়ের শিক্ষক নাসরিন আক্তার, শুভানা পোদ্দার, সেজুতি দত্ত, ইন্টারেক্ট ক্লাব অব চাঁদপুরের সাবেক সভাপতি সাহিরা নাসির ও কনটেন্ট ক্রিয়েটর চৈতী।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা এবং ‘টিম বিজয়ী’র স্বেচ্ছাসেবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০২০ সালে প্রতিষ্ঠিত ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ চাঁদপুরে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ, ব্যবসা সম্প্রসারণে সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।