
নিজস্ব প্রতিনিধি: ‘মানবতার সেবায়, মানুষের কল্যাণে’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর শহরের বাবুরহাটে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাবুরহাট ফাউন্ডেশন, চাঁদপুর’। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বাবুরহাট রাফি প্লাজার তৃতীয় তলায় সংগঠনের নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করতে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
সোহেল রুশদী বলেন, ফাউন্ডেশনের মহৎ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। উদ্যোগটি দীর্ঘস্থায়ী করতে শুরু থেকেই সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়বদ্ধতা বজায় রাখা জরুরি।
তিনি নিয়মিত রক্তদান কর্মসূচি, চক্ষুশিবির ও বিনামূল্যে স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
শিক্ষাক্ষেত্রে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং বাবুরহাট অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধিতে ফাউন্ডেশন ভূমিকা রাখতে পারে।
বাবুরহাটের বিদেশে কর্মরত গুণীজনদের ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত করার পরামর্শ দিয়ে সোহেল রুশদী বলেন, এতে সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পরিধি বাড়বে। তিনি আশা প্রকাশ করেন, ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা পাওয়া যাবে।
তিনি সংগঠনটি যেন কোনো প্রতিবন্ধকতায় থেমে না যায়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ফাউন্ডেশনের ভালো কাজের সঙ্গে থাকার আশ্বাস দেন।
ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মজুমদার লিটন, বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. দেলোয়ার খান, ফাউন্ডেশনের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, মাসুদ পালোয়ান ও সুমন দে।
এছাড়াও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোবারক পালোয়ান, কোষাধ্যক্ষ প্রভাষক রাসেল মিয়া, চন্দন দে, স্থানীয় ব্যবসায়ী বকুল খান, নুর ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।