
নিজস্ব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়নের চারবারের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা তাঁতী দলের সহ-সভাপতি হাজী ইলিয়াস মিজির মা মমতাজ বেগম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাত ২টা ৪৫ মিনিটে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মমতাজ বেগম চাঁদপুর সদর উপজেলার ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল মান্নান মালের বড় বোন এবং মরহুম গফুর মালের ছয় মেয়ে ও এক ছেলের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে পৈতৃক বাড়িতে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি ফারুক আহমেদ। জানাজা শেষে মতলব দক্ষিণ উপজেলার ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিজি বাড়ির পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
মায়ের মৃত্যুতে শোকাহত হাজী ইলিয়াস মিজি মরহুমার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি তাঁর মায়ের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
মমতাজ বেগমের মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।