
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. নাছির আহম্মেদ খান দোয়া ও সমর্থন চেয়ে সমাবেশ করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেলে ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের যৌথ আয়োজনে স্থানীয় শ্রীরামপুর ঈদগাহে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাছির আহম্মেদ খান বলেন, ইউনিয়নে ৪০ হাজার ভোটার ও প্রায় ১ লাখ মানুষের বসবাস। তাঁর দাবি, ইউনিয়নকে মডেল ইউনিয়ন করা হলেও নাগরিকরা প্রত্যাশিত সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে ইউনিয়নটিকে সত্যিকার ও আদর্শিক মডেল ইউনিয়নে রূপান্তরের কথা জানান।
নাছির খান বলেন, জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের অনুপ্রেরণায় তিনি রাজনীতিতে এসেছেন। জনগণের পাশে থাকলে কঠিন পরিস্থিতি মোকাবিলা সহজ হবে উল্লেখ করে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে দোয়া ও ভালোবাসা চান। শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রতিনিধি হিসেবে জনসাধারণের জন্য কাজ করার কথাও বলেন তিনি।
সমাজসেবক মো. বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিন হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. শামিম খান, সমাজসেবক শওকত আলী মিয়া, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক নেতা দেলোয়ার জমাদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাওন, সাধারণ সম্পাদক তানভির রাসেল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পগু পাটওয়ারী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল খান ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাশিম জমাদারসহ অন্যরা।