
নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের উভারামপুর দক্ষিণ পাটওয়ারী বাড়িতে অগ্নিকাণ্ডে চার পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরবাড়ি, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে জানা গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অটোচালক চান মিয়া, সূর্য মিয়া, দিনমজুর মো. স্বপন ও হাবিবের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা কোনো মালামাল বের করতে পারেননি বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত চান মিয়া বলেন, তারা নামাজ পড়তে যাওয়ার পর কোনো এক সময় বাড়িতে আগুন লাগে। নামাজ শেষে ফিরে এসে বসতঘর পুড়ে ছাই হয়ে যেতে দেখেন। ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ সবকিছু পুড়ে গেছে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, চার পরিবারের বসতঘর পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা অসহায় অবস্থায় পড়েছেন। তাদের পাশে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সাইফুল ইসলাম আরও বলেন, প্রত্যন্ত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এ কারণে প্রত্যন্ত এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং চার পরিবারের চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যাওয়া দেখতে পান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে রয়েছে উল্লেখ করে তাদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট, রান্নার চুলা বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।