
মোঃ হানিফ মিয়াজি শাহরাস্তি প্রতিনিধি
শাহরাস্তি উপজেলার চিখুটিয়া (ছৈয়ানী বাড়ি) এলাকায় প্রতিবেশীদের বিরুদ্ধে মারধর, গালিগালাজ, গাছপালা নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিলন রানী সরকার শাহরাস্তি থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চিখুটিয়া এলাকার বাসিন্দা মিলন রানী সরকার অভিযোগ করেন, একই এলাকার প্রতিবেশী ঝন্টু সরকার , রিন্টু সরকার, রীতা সুত্রধর, বিধু ভূষন সরকার, সমির সরকার, অধরা সরকার, তুলসী সরকার দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে আসছেন। অভিযুক্তরা প্রায়ই অশালীন আচরণ, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
প্রথম অভিযোগে বলা হয়, গত ২৪ মে সকাল ১১টায় বাড়ির রাস্তায় খেলতে যাওয়া তার ছেলে উৎপল মজুমদারকে অভিযুক্তরা মারধর করেন। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগীর পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মারধরের ঘটনায় উৎপলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা দিলে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
অন্যদিকে দ্বিতীয় অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ জুন সকাল আনুমানিক ৬টায় ভুক্তভোগীর নিজ ভূমিতে লাগানো গাছপালা কেটে ফেলা ও ক্ষতিসাধনের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগ দুটি তদন্ত কর্মকর্তা তদন্ত করে আদালতে প্রেরণ করা হলে তা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এতে আরও বেশি ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ নিয়মিত দেশীয় অশ্রু, লাঠি লোটা নিয়ে সামান্য অযুহাতে মারধর করতে আসে। যা স্বাভাবিক ভাবেই বাড়িতে থাকা ও চলাচল করা কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে বিধু ভূষন সরকার জানান রাস্তার উপর ধান শুকানোর সময় ধানের উপর দিয়ে হাটা নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। লাঠি সোটা নিয়ে আসে, তবে মারধরের ঘটনা ঘটে নাই।
ভুক্তভোগী মিলন রানী সরকার অভিযোগের পূনঃ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহরাস্তি থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেছেন।