
মোঃ হানিফ মিয়াজি শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর এলাকার কালিয়াপাড়া–কচুয়া সড়কে আমিন সওদাগারের বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে মোঃ দুলাল হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে তার হেফাজত থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুলাল হোসেনের পিতার নাম মৃত হাবিবুর রহমান শেখ এবং মাতার নাম মমতাজ। তার স্থায়ী বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ফতেহজংপুর ইউনিয়নের লক্ষীপুর (শেখ বাড়ি)। বর্তমানে তিনি শাহরাস্তি পৌরসভার ঘুঘুশাল এলাকায় ওবায়দুল হক পাটোয়ারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-১৮, জিআর নং-১৬৩, তারিখ: ১৬ জুন ২০২৬) রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।