
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর শহরের পুরান বাজারে গরিব, দুস্থ ও অসহায় ১৫০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, ওষুধ, চোখের ড্রপ ও চশমা প্রদান করা হয়েছে। সামাজিক সংগঠন ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের ব্যক্তিগত উদ্যোগে এ মানবিক স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়।
চক্ষু ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন আব্দুল্লাহ অপটিকসের ব্যবস্থাপনা পরিচালক ডা. মিজানুর রহমান।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে তানিয়া ইশতিয়াক খান ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। গত ৬ বছর ধরে চাঁদপুরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ওয়ার্ডে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। পাশাপাশি অসহায় রোগীদের চোখের ছানি ও নেত্রনালীর অপারেশনের ব্যবস্থাও করেছেন তিনি।
বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা পেয়ে দুস্থ রোগীরা তানিয়া ইশতিয়াক খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, অর্থের অভাবে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী।
তানিয়া ইশতিয়াক খান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আরও সহজ হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, টিম বিজয়ীর ভলান্টিয়ারবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।