
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সালের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করা এই কর্মকর্তাকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছেন তারা। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ডা. মো. রফিকুল হাসান ফয়সাল চাঁদপুরের স্বাস্থ্য বিভাগে সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কর্মক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব কর্মকর্তা-কর্মচারীদের কাছে প্রশংসিত বলেও তারা উল্লেখ করেন।
তাঁর বদলির সিদ্ধান্তে সহকর্মীরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। কর্মচারীদের দাবি, স্থানীয় স্বাস্থ্যসেবার মান ধরে রাখা এবং চলমান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই পদে তাঁর উপস্থিতি গুরুত্বপূর্ণ।
তারা একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে ডা. মো. রফিকুল হাসান ফয়সালের অবদান বিবেচনা করে বদলির আদেশটি অবিলম্বে পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।