
নিজস্ব প্রতিনিধি: দোকান বিক্রির নামে ৪২ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল এবং তাঁর বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সিআর ৬৩৫/২০২৬ নম্বর মামলায় কাস্টডি ওয়ারেন্টের (সি/ডব্লিউ) ভিত্তিতে আসামিদের কারাগারে পাঠানো হয়। মামলার বাদী হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের সিহিরচোঁ গ্রামের বাসিন্দা মো. কবির হোসেন লিটন।
মামলার বিবরণীতে অভিযোগ করা হয়েছে, হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান দেওয়ার কথা বলে আসামিরা বাদীর কাছ থেকে ৪২ লাখ টাকা নেন। তবে দীর্ঘদিনেও তাঁকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি। পরে বাদী দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় প্রতারণার মামলা করেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসান হাবিব। বাদীপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা।
বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর বাদী মো. কবির হোসেন লিটন আদালত কক্ষে হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন। বিচারক এ ঘটনাকে আদালত অবমাননা হিসেবে গণ্য করে বাদীকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।