
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়নের উত্তর পূর্ব পাড়া মিয়াজি বাড়ির কৃতি সন্তান, কচুয়া উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও প্রবাসভিত্তিক ‘কচুয়া জাতীয়তাবাদী ফোরাম’-এর জ্যেষ্ঠ সদস্য মালয়েশিয়া প্রবাসী আবু নাসের মিয়াজি তাঁর নিরবচ্ছিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর অন্তরে এক বিশেষ স্থান করে নিয়েছেন।
১৩ অক্টোবর ২০২৬ কাদলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শনের সময় স্থানীয় মানুষের মধ্যে তাঁর জনপ্রিয়তা লক্ষ্য করা যায়।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক হিসেবে পরিচিত আবু নাসের মিয়াজি নিজ অর্থায়ন ও ব্যক্তিগত উদ্যোগে কাদলার অসহায় ও দরিদ্র মানুষের জন্য দীর্ঘমেয়াদি বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি এলাকার মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের অবকাঠামোগত উন্নয়নে অনুদান দিচ্ছেন। বেকারত্ব কমাতে তরুণদের কর্মসংস্থানের জন্যও আর্থিক সহায়তা করছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুর্গম ও প্রত্যন্ত এলাকার অনেক দরিদ্র মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা পান না। কোনো অসহায় পরিবার বিপদে পড়লে আবু নাসের মিয়াজি তাদের পাশে দাঁড়ান। প্রবাসে থাকলেও বছরের একটি বড় সময় তিনি নিজ গ্রামে কাটান এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শোনেন।
স্থানীয়দের প্রত্যাশা, গণমানুষের কল্যাণে কাজ করে আবু নাসের মিয়াজি কাদলা ইউনিয়নকে শতভাগ শিক্ষিত ও স্বনির্ভর করতে এবং জেলার অন্যতম ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও নেতৃত্ব দেবেন।