
নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন চান কাজী জাকির হোসেন। দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা ও সমৃদ্ধ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি জনবান্ধব, শিক্ষাবান্ধব ও অপরাধমুক্ত মডেল ইউনিয়ন পরিষদ গঠন করতে চান তিনি।
কচুয়া উপজেলার উজানী কাজী বাড়ির সন্তান কাজী জাকির হোসেন রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর আইনগিরি মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে ২৭ বছর শিক্ষকতা করেন। বর্তমানে তিনি কচুয়া উত্তর ইউনিয়নের শিক্ষা সমন্বয়ক এবং উজানী মাদ্রাসার পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
কাজী জাকির হোসেন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৯১ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৯৬ সাল থেকে সাবেক মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দিকনির্দেশনায় মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। দলের আন্দোলনে একাধিক মামলা ও হামলার শিকার হওয়ার পাশাপাশি ২০১৬ সালে এক মাস কারাবরণ করতে হয় তাঁকে। দীর্ঘদিন কচুয়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি।
চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের শতভাগ সেবা সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়াকে মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন কাজী জাকির হোসেন। তিনি বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ও ভালোবাসায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন।
কচুয়া উত্তর ইউনিয়নে ঝরে পড়া রোধ এবং শতভাগ শিশুর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। প্রতিটি ওয়ার্ডে অবসরপ্রাপ্ত শিক্ষক, মসজিদের খতিব ও সুধীজনদের নিয়ে শিক্ষা কমিটির কার্যক্রম জোরদার করার পরিকল্পনাও রয়েছে তাঁর।
যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় প্রতিটি অঞ্চলে খেলাধুলা ও সুস্থ বিনোদনের ব্যবস্থা জোরদার করতে চান কাজী জাকির হোসেন। তাঁর মতে, সততা ও ন্যায়পরায়ণতাকে প্রাধান্য দিয়ে গ্রাম আদালত কার্যকর করা গেলে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।
দলের দুর্দিনে ত্যাগ ও এলাকার সামাজিক গ্রহণযোগ্যতার বিবেচনায় বিএনপি তাঁকে চূড়ান্ত মনোনয়ন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সমৃদ্ধ ও সুশাসিত কচুয়া উত্তর ইউনিয়ন গড়তে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চেয়েছেন কাজী জাকির হোসেন।