
নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জে জোরপূর্বক বাগানের গাছ ও ডালপালা কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ মামলায় অভিযুক্ত ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে। হামলায় তিন নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের দত্তের বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী শিমুল লোধের অভিযোগ, প্রতিবেশী আবুল হাশেম বেপারী জাল-জালিয়াতির মাধ্যমে তাদের পৈতৃক সম্পত্তি নিজেদের নামে দলিল করে দখলে রেখেছিলেন। সম্পত্তি উদ্ধারে আইনি পদক্ষেপ নেওয়ার পর প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে তাদের চাষাবাদে বাধা এবং বাগানের গাছের ডালপালা কাটত বলে দাবি করেন তিনি।
শিমুল লোধ জানান, ১৬ অক্টোবর আসামিরা আবার গাছ ও ডালপালা কাটতে গেলে বাধা দেন তারা। এতে ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। হামলায় তার স্ত্রী টুম্পা দে, ভাইয়ের স্ত্রী কাকলী দে ও বোন শোভা রানী গুরুতর আহত হন। শিমুল লোধ ও তার ভাতিজিকেও মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা নারীদের স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে।
বাদীর দাবি, আহতদের হাসপাতালে নেওয়ার সময়ও বাধা দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্লাহ জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এজাহারনামীয় আসামি নিজাম উদ্দিন ও শামীমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার পর অভিযুক্তদের এলাকায় না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।