
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির উপদেষ্টা আক্তার হোসেন পাটোয়ারী।
রবিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন পাটোয়ারী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, একই এলাকার মানুষ হিসেবে সবার সঙ্গে সম্পৃক্ত হতে পেরে তিনি আনন্দিত।
সাবেক উপজেলা বিএনপির সভাপতি মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর স্মৃতিচারণ করে তিনি বলেন, তাঁর সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছেন এবং সব ধর্মের মানুষের পাশে থাকার সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান। তাঁর ভাষ্য, বিএনপির রাজনীতি ছিল সমাজের মানুষের কল্যাণের জন্য।
স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের অঙ্গীকারের কথা উল্লেখ করে আক্তার হোসেন পাটোয়ারী বলেন, কিশোর গ্যাং নির্মূল ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ চলছে এবং মানুষ এর সুফল দেখতে পাচ্ছে।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাহরাস্তি উপজেলায় এবার ১৯টি দুর্গামন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।