
নিজস্ব প্রতিনিধি: মতলব উত্তরের সাদুল্যাহপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মো. হাসেম নামের এক ব্যক্তি মহানবী হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন—এমন অভিযোগের প্রতিবাদে স্থানীয় মুসল্লিসহ মতলব উত্তরবাসী বিক্ষোভ করেন। তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার পর পুলিশ তাঁকে আটক করে জেলহাজতে পাঠায়। তবে আন্দোলনকারী মুসল্লি ও মসজিদের ইমামদের বিরুদ্ধে অভিযুক্ত হাসেম গং মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির অপচেষ্টা করছে—এমন অভিযোগ তুলে চাঁদপুরে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআত।
এসব ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় রোববার (১৮ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর শহরে আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে আয়োজিত মানববন্ধনে অভিযুক্ত হাসেমের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। বক্তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুসলমানদের ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরজাদা মাওলানা খাজা জোবায়ের, দক্ষিণ দাসদী গাউসিয়া বোরহানিয়া দরবার শরীফের প্রতিনিধি মাওলানা রবিউল হোসাইন, জমঈয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান গাজী, মাওলানা আমিনুল হক, হাফেজ মাওলানা শাহজাহান চাঁদপুরী, মাওলানা মোতালেব নবাবপুরী, মাওলানা তাফসির হোসাইন, মাওলানা কাউসার হোসাইন, মাওলানা বায়েজিদ, মাওলানা আল-আমিন ও মাওলানা মোশারফ হোসাইনসহ অনেকে।
বক্তব্য শেষে মুনাজাত পরিচালনা করেন পীরজাদা মাওলানা খাজা জোবায়ের। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।