
নিজস্ব প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা এবং মাঠপর্যায়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে চাঁদপুরসহ ৩৮টি জেলার ১১১ জন সংসদ সদস্যকে আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়। পত্রে প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতা চাওয়া হয়েছে।
ডিও লেটারে মন্ত্রী উল্লেখ করেন, জাতীয় মৎস্যসম্পদ এবং ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদপ্রাপ্ত পণ্য ইলিশ দেশের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টি নিরাপত্তা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ইলিশের টেকসই উৎপাদন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সম্পদ সংরক্ষণে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ পরিচালিত হচ্ছে।
অভিযান চলাকালে নির্ধারিত প্রজনন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। একই সময়ে সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ বলে পত্রে জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, মা ইলিশ সংরক্ষণের মতো জাতীয় কর্মসূচির সফলতা শুধু আইন প্রয়োগকারী সংস্থা বা মৎস্য অধিদপ্তরের ওপর নির্ভর করে না। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের সম্পৃক্ততা জরুরি।
সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী এবং প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে সচেতনতা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জেলেদের আইন মেনে চলতে উৎসাহিত করা এবং অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।