
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার নিয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী ৬ ও ৭ নভেম্বর ২০২৬ চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের আয়োজনে কর্মশালাটির বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’। এতে চাঁদপুর প্রেস ক্লাব কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত সাংবাদিকরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করবেন বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রশিক্ষক দল।
আয়োজকদের ভাষ্য, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর সংবাদ সংগ্রহ এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও সঠিক প্রয়োগ সম্পর্কে ধারণা দিতে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণসংক্রান্ত তথ্যের জন্য চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সঙ্গে ০১৭১১০১৩৪৪৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের অনুমোদন দেওয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।