
কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস। সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা অংশ নেন।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মো. আলী আশরাফ খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের পেশাগত সুরক্ষা, কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে শিক্ষকদের প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ বাড়াতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীলতার পরিবেশ তৈরির ওপরও তাঁরা গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজনকে ঘিরে শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।