
মোঃ মাঈন উদ্দিন মুন্সী: চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহ মাহমুদপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন দুইবারের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে এলাকাবাসীর সমর্থন নিয়ে আবারও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের প্রত্যাশা করছেন তিনি।
স্বপন মাহমুদ চাঁদপুর সদর উপজেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং ৪ নম্বর শাহ মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এর আগে তিনি টানা ১০ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা গেছে।
স্বপন মাহমুদের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে দলীয় সহযোগিতা ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে পারবেন। বিশেষ করে রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে চান তিনি।
তিনি বলেন, একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা এবং এলাকার সমস্যা চিহ্নিত করে আন্তরিকতার সঙ্গে সমাধানে কাজ করা। দীর্ঘ ১০ বছরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শাহ মাহমুদপুর ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ জন্য জনগণের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, অতীতের মতো ভবিষ্যতেও স্বপন মাহমুদ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে থাকবেন। তাঁদের মতে, এলাকার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ নম্বর শাহ মাহমুদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা বাড়ছে। এর মধ্যে সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্বাচনে অংশগ্রহণের আগ্রহকে ঘিরেও রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে তাঁর অবস্থান ও ভোটারদের সমর্থনই নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ।