
নিজস্ব প্রতিনিধি ॥ কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত গনি মডেল উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় ১ম থেকে ৫ম শ্রেণির মোট ৫৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্রের ৯টি কক্ষে পরীক্ষার ব্যবস্থা করা হয়। এমনকি পরীক্ষায় পর্যবেক্ষক ও পরীক্ষকের দায়িত্ব পালন করেছে চাঁদপুর সরকারি কলেজ বিএনসিসির সদস্যরা।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন গনি-আয়েশা ফাউন্ডেশনের সভাপতি শাহজাহান সিদ্দিকী, কেন্দ্র সচিব মো: নেয়ামত হোসেন, ফাউন্ডেশনের সদস্য আব্দুল কুদ্দুছ মুন্সীসহ প্রশাসনের কর্মকর্তারা। তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ, ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অভিভাবকরা। তাঁরা মনে করেন, এই ধরনের উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি ও পরীক্ষা ভীতি দূর করতে এবং ভবিষ্যৎ শিক্ষা জীবনে ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগাবে।
উল্লেখ্য, গনি-আয়েশা ফাউন্ডেশন প্রতিবছর কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।