
আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের মালরা গ্রামের গিয়াস উদ্দিন প্রায় ১ কোটি টাকা বিনিয়োগে গড়ে তুলেছেন সমন্বিত খামার। ২০১৯ সালে যাত্রা শুরু করা এ খামারে রয়েছে গরু, মুরগি, মাছ, বায়োগ্যাস ও সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা।
বর্তমানে খামারে রয়েছে ৩১টি গরু ও প্রায় ২ হাজার ৭০০টি মুরগি। ১৩টি গাভি থেকে প্রতিদিন প্রায় ১৩০ লিটার দুধ এবং মুরগি থেকে প্রায় ১ হাজার ৮০০টি ডিম উৎপাদিত হচ্ছে। পাশাপাশি উৎপাদিত বায়োগ্যাস গত তিন বছর ধরে আশপাশের ১৬টি পরিবারে সরবরাহ করছেন তিনি। খামারটিতে সাতজন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
এ ছাড়া ৯ হাজার ৬০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছেন গিয়াস উদ্দিন। তবে তাঁর অভিযোগ, প্রায় সাত মাস ধরে বিদ্যুৎ সরবরাহ করলেও পল্লী বিদ্যুৎ সমিতি থেকে এখনো কোনো বিল বা অর্থ পাননি। অন্যদিকে গরু, মুরগি ও মাছের খাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন তিনি। অর্থসংকটে শুরু করতে পারছেন না পরিকল্পিত জৈব সার উৎপাদন কার্যক্রমও।
গিয়াস উদ্দিনের অভিযোগ, খামার প্রতিষ্ঠার পর থেকে সরকারি কোনো সহযোগিতা পাননি তিনি।
এ বিষয়ে শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. নিজাম উদ্দিন সামস্ বলেন, “বিষয়টি আমার মনে নেই। তবে আপনাদের মাধ্যমে অবগত হলাম। এ বিষয়টি সহকারী প্রকৌশলী দেখাশোনা করছেন।” সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী মেহেদি হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব উল আলম বলেন, গিয়াস উদ্দিন একজন সফল উদ্যোক্তা। তাঁর বিষয়ে মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে। খামারটি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শনের কথা রয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেও অর্থ না পাওয়ার বিষয়টি তিনি জেনেছেন বলেও জানান।
ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা সম্ভাবনাময় এ খামারটি টিকিয়ে রাখতে সৌরবিদ্যুতের পাওনা পরিশোধ এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন উদ্যোক্তা।