
স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে বহুসংখ্যক নেতাকর্মী নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান পাটওয়ারী শুরু করেছেন প্রচার-প্রচারণা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় হযরত শাহমাহমুদ বাগদাদী (র) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ইউনিয়নের বড় শাহতলী, ঘোষেরহাট হয়ে কুমারডুগি এসে এ প্রচারণা শেষ হয়। প্রচারণায় পথচারী, দোকানদার, বিভিন্ন যানবাহন চালক ও যাত্রী সাধারণসহ সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।
এসময় মনিরুজ্জামান পাটওয়ারী বলেন, শাহমাহমুদ বাগদাদী (র) এর নামে এই ইউনিয়নের নামকরণ করা হয়েছে। তাই আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে হুজুরের মাজার জিয়ারতের মাধ্যমে হুজুরের দোয়া নিতে এসেছি। আপনারা জানেন আমি দীর্ঘ এগারো বছর জনপ্রতিনিধি ও সেবক হিসেবে কাজ করেছি। আমি এই ১১ বছর সময়ের মধ্যে দুস্থ, গরিব, মাজলুম লোকদের ২৪ ঘন্টা সেবা দেওয়ার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি তা জনগণ বলবে।
এছাড়া তিনি বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেন এবং আপনারা যদি আমাকে আপনাদের প্রতিনিধি বানান তাহলে হুজুরের মাজারকে সামনে রেখে বলছি আপনাদের সেবক হিসেবে ১ হতে ৯নং ওয়ার্ড পর্যন্ত জনসেবক হিসেবে কাজ করব জনপ্রতিনিধি হিসেবে না। ইনশাআল্লাহ ৯টি ওয়ার্ডে সমান ভাবে উন্নয়নমূলক কাজ হবে। দুস্থ, অসহায়, গরীব, মাজলুম মানুষ যখনই আমার কাছে যাবে তখনই আমাকে পাশে পাবে।
ওই সময় ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব গাজী, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী, সদস্য শাহাদাত গাজী, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন মিজি, সাংগঠনিক সম্পাদক সাইফুল গাজী, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহীন অজিসহ ইউনিয়ন যুবদল ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।