
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আপনারা স্বাধীনভাবে পত্রিকায় লিখবেন। যার সম্পর্কে আপনারা লিখতে চান, সঠিক তথ্যের ভিত্তিতে লিখলে কেউ আপনাদের বাধা দেবে না কেনো

Oplus_131072
তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সঠিকতা ও দায়িত্বশীলতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কোনো বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে একবার সতর্ক করার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেন তিনি।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরের স্থানীয় পত্রিকার সংখ্যা কম-বেশি হওয়া সম্পাদকদের ব্যক্তিগত বিষয়। অনেক সম্পাদক আর্থিক সংকটে রয়েছেন—এ বিষয়টি তিনি অবগত আছেন। সরকারের কাছ থেকে স্থানীয় পত্রিকাগুলোর জন্য কোনো আর্থিক সহায়তা পাওয়া গেলে প্রেস ক্লাবের মাধ্যমে তা সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
১৯৭৩ সালের ছাপাখানা আইন পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, “পত্রিকা ও ছাপাখানা সংক্রান্ত আইন পরিবর্তনের বিষয়ে আমি মাননীয় তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। প্রয়োজনে চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করব।”
চাঁদপুরের উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, জেলার বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। কিছু অবকাঠামোগত কাজও চলছে। এসব কাজ সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন। উন্নয়নকাজ দৃশ্যমান হলে সাংবাদিকদের ডেকে তা প্রকাশের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানের খবর স্থানীয় পত্রিকাগুলো সময়মতো না পাওয়ার বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সম্পাদকদের নিউজ কর্নারের সঙ্গে সংযুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হবে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুর জেলার শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন। এ বছর জেলার এসএসসি পরীক্ষার ফলাফলে কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া অনেক প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ না হওয়ায় তিনি কষ্ট পেয়েছেন। একজন শিক্ষার্থীকে সুশিক্ষায় গড়ে তুলতে পারলে ভবিষ্যতে দেশ ও জাতির জন্য ভালো কিছু আশা করা যায়।
তিনি তরুণ সমাজকে খেলাধুলার পাশাপাশি পড়ালেখায় মনোযোগী করার আহ্বান জানান। তরুণদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, বর্তমানে এর প্রভাব অনেক বেড়েছে। এটি বন্ধ করা সম্ভব নয় এবং সমস্যাটি শুধু চাঁদপুরের নয়, সারা বাংলাদেশের। কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো পত্রিকার নামে ভুয়া পেজ খুললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ভালো ও খারাপ—দুই দিকই রয়েছে। পত্রিকার পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই করে দায়িত্বশীল ব্যক্তিদের কার্ড দেওয়ার আহ্বান জানান তিনি।
পত্রিকার সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এ বিষয়ে তাঁর কোনো আপত্তি নেই। সরকারের নির্ধারিত মানদণ্ড ও শর্ত পূরণ করে একটি পত্রিকা প্রকাশ করা যায়। পত্রিকা প্রকাশের বিষয়টি সরকার ও সংশ্লিষ্ট প্রকাশকের পারস্পরিক প্রক্রিয়ার বিষয়।
চাঁদপুর পৌরসভার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পৌরসভার অনেক কাজ এখনও বাকি রয়েছে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সব কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে যতটুকু সম্ভব, সেসব কাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে। তিনি বলেন, “আমার কাছে কাজ করতে পারলে আনন্দ লাগে। কাজ করতে না পারলে অসন্তুষ্টি লাগে।”
সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের আহ্বানে সাড়া দিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের সম্পাদকরা সভায় উপস্থিত হওয়ায় প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান। তিনি প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ছাপার মানের দিক থেকে চাঁদপুরের স্থানীয় পত্রিকাগুলো অনেক এগিয়ে রয়েছে এবং পত্রিকাগুলো নিয়মিত সংবাদ প্রকাশ করছে। সংবাদপত্র একটি শিল্প। এ শিল্পকে টিকিয়ে রাখতে সংসদ সদস্যের সহযোগিতা প্রয়োজন। স্থানীয় পত্রিকাগুলোর মাধ্যমে জেলার বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
সোহেল রুশদী আরও বলেন, “চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্রেস ক্লাব। এটি সারা বাংলাদেশে একটি মডেল ও পরিচিতি অর্জন করেছে।” সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগে প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে জাতীয় সংসদের অধিবেশন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আশা প্রকাশ করেন, সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের মাধ্যমে জাতীয় সংসদে পত্রিকা ও ছাপাখানা সংক্রান্ত আইন পরিবর্তনের প্রস্তাব উত্থাপিত হবে এবং চাঁদপুরের স্থানীয় সংবাদপত্রের উন্নয়ন ও বিকাশে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, দৈনিক চাঁদপুর সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচ এম নিজামসহ জেলার বিভিন্ন স্থানীয় পত্রিকার সম্পাদক ও প্রতিনিধিরা।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর সকালের সম্পাদক ও প্রকাশক মো. মোশারফ হোসেন লিটন, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী, দৈনিক চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহিম রনি, সাপ্তাহিক চাঁদপুর কাগজের সম্পাদক ও প্রকাশক মুনাওয়ার কানন, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক মোহাম্মদ ইলিয়াস পাটোয়ারী, দৈনিক শপথের ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসান, দৈনিক আদি বাংলার প্রধান সম্পাদক মো. এমরান হোসেন রাজন, সাপ্তাহিক মতলবের জনপদের সম্পাদক ও প্রকাশক শ্যামল চন্দ্র দাসসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা।
শুরুতে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ছাপাখানা আইন সংশোধনের দাবিতে একটি আবেদনপত্র তাঁর কাছে হস্তান্তর করেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী।
উল্লেখ্য, চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে জেলার বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক স্থানীয় পত্রিকার সম্পাদকদের নিয়ে এ ধরনের বৃহৎ পরিসরের মতবিনিময় সভা এবারই অনুষ্ঠিত হলো।
ছবির ক্যাপশন
ক্যাপশন-১: চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
ক্যাপশন-২: চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
ক্যাপশন-৩: চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের কাছে ছাপাখানা আইন সংশোধনের আবেদনপত্র হস্তান্তর করছেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।