
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার মানোন্নয়ন ও গুণগত পরিবর্তন নিশ্চিত করতে চাঁদপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, বিদ্যালয়গুলোতে সুন্দর সুন্দর ভবন রয়েছে, কিন্তু শিক্ষার ফলাফল ভালো নয়—এটি মেনে নেওয়া যায় না। শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, শিক্ষার্থীরা কী শিখছে এবং তাদের ফলাফল কেমন হচ্ছে, সেদিকেও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় খারাপ ফলাফল করেছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকদের কথা বলতে হবে, তাদের উৎসাহ দিতে হবে। আমি বিশ্বাস করি, আন্তরিকভাবে কাজ করলে তারা আগামীতে ভালো ফলাফল করবে।”
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শিক্ষার পরিবেশ সুন্দর হলে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজির মতো সামাজিক অপরাধ থেকে এলাকাকে দূরে রাখা সম্ভব হবে। শিক্ষাপ্রতিষ্ঠানকে শুধু পাঠদানের স্থান হিসেবে নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি যথাযথ প্রক্রিয়া ছাড়া গঠনের কারণে শিক্ষা ব্যবস্থায় নানা সমস্যা তৈরি হয়েছিল। এখন শিক্ষার মানোন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ভালো ফলাফলকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আগামীতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফলাফল করবে, তাদের পুরস্কৃত করা হবে। এ ক্ষেত্রে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। যে কোনো মূল্যে পড়ালেখার মান ও ফলাফল ভালো করতে হবে।”
তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু শিক্ষকদের ওপর নির্ভর করে না। শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠানে ভালো ফলাফল ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
শেখ ফরিদ আহম্মেদ মানিক আরও বলেন, প্রতি দুই মাস পর পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নিয়ে মতবিনিময় করা হবে। কোন প্রতিষ্ঠানে কী সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে সেখানেই সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
চাঁদপুর যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীসহ চাঁদপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতিরা।