
নুর মোহাম্মদ পাটওয়ারী : চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসীর পাঠানো প্রায় ৩ লাখ টাকা মূল্যের মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে অপর এক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নোয়া বাড়ির বাসিন্দা মৃত মিজানের ছেলে ইরাকপ্রবাসী কাশেমের কাছে মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ গ্রামের বাসিন্দা প্রবাসী রুহুল আমিন ভূঁইয়া দেশে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রায় ৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল দেন।
রুহুল আমিনের স্ত্রী অভিযোগ করে বলেন, তার স্বামী প্রবাস থেকে দেশে পাঠানোর জন্য এসব মালামাল কাশেমের কাছে দেন। দেশে আসার পর মালামাল ফেরত চাইলে কাশেম তার কাছে টাকা দাবি করেন। পরে বিকাশের মাধ্যমে প্রায় ২৫ হাজার টাকা দেওয়া হলেও বেশ কিছু মালামাল ফেরত পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়।
৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাত বলেন, “ঘটনাটি জানার পর আমি কাশেমকে মালামালগুলো দিয়ে দিতে বলি। কাশেম টাকা দাবি করলে ভুক্তভোগী পরিবার আমার মোবাইলে প্রায় ২৫ হাজার টাকা পাঠায়। পরে তারা অভিযোগ করেন, প্রায় ১ লাখ টাকা মূল্যের একটি মোবাইল ফোনসহ আরও কিছু মালামাল কাশেম ফেরত দেননি।”
অভিযোগের বিষয়ে ইরাকপ্রবাসী কাশেম বলেন, আমি ইচ্ছা করে রুহুল আমিনের মালামাল আটকে রেখেছি। তার কাছে আমি টাকা পাই। সেই টাকা উদ্ধারের জন্যই মালামালগুলো আটকে রাখা হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের সত্যতা যাচাই ও এ বিষয়ে আইনগত প্রক্রিয়া কীভাবে এগোয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।