
চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনগাজী প্রধানীয়া বাড়িতে রাতের আঁধারে এক প্রবাসীর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২ অক্টোবর ২০২৬) রাতে স্থানীয় বাসিন্দা মনির হোসেন ও প্রবাসী সায়েম হাসানের যৌথ বসতঘরে দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দেয়। এলাকার চিহ্নিত মাদক কারবারিরা প্রতিশোধমূলকভাবে এ হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সূত্রের ভাষ্য, সায়েম হাসান দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সম্প্রতি কড়ইয়া এলাকায় মাদক সিন্ডিকেটের তৎপরতা ও দৌরাত্ম্য বেড়ে যাওয়ার অভিযোগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান এবং মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন। এরপর ক্ষুব্ধ হয়ে চিহ্নিত মাদকচক্র পরিকল্পিতভাবে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।
আগুনে ঘরের বিপুল পরিমাণ আসবাবপত্র, মূল্যবান মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা ঘটনার নিন্দা জানিয়েছেন। তাঁদের দাবি, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি পরিবারকে লক্ষ্য করে অগ্নিসংযোগ করা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার পর কচুয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।