
ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের প্রথম দৈনিক চাঁদপুরকণ্ঠ পত্রিকার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) রাতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে চাঁদপুরকণ্ঠের ফরিদগঞ্জ ব্যুরো চীফ প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মোতাহার হোসেন পাটওয়ারী সিআইপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চাঁদপুরে আজ অনেক পত্রিকা। এর ভিড়েও চাঁদপুরকণ্ঠ তার স্বাতন্ত্র বৈশিষ্ঠ নিয়ে টিকে রয়েছে। বিশেষ করে পত্রিকার প্রধান সম্পাদক কাজী শাহাদাতের নেতৃত্বে পুরো জেলা জুড়ে সেরা কলম সৈনিকদের মিলনস্থল চাঁদপুরকণ্ঠ। আমি ব্যক্তিগত ভাবে কাজী শাহাদাতকে চিনি। তিনি যেমন সাংবাদিক হিসেবে নিজের সুদৃঢ় অবস্থান নিশ্চিত করেন, তেমনি পত্রিকাটিতেও লেখণির মাধ্যমে আমাদের হৃদয় কেড়ে নিচ্ছেন। সেরাদের সেরা পত্রিকা চাঁদপুরকণ্ঠ একথা বলা বেশি হবে না। প্রিন্ট ও অনলাইনে সামন ভাবে পত্রিকাটি ভুমিকা রাখছে সমাজের কল্যাণে। আমি আশা করবো পত্রিকা তার নিজস্ব ঢংয়ে জনমানুষের জন্য কাজ করবে। চাঁদপুরের সেরা পত্রিকা হিসেবে চাঁদপুরকণ্ঠকে জনগণের কথা বলার জন্য এগিয়ে যেতে হবে। আমরা পত্রিকাটির এবং ফরিদগঞ্জ পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, নবনির্বাচিত সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদুুল ইসলাম ভূইয়া ও চাঁদপুরকণ্ঠের নিজম্ব প্রতিনিধি শামীম হাসান। আলোচনা শেষে অতিথিবৃন্দ চাঁদপুরকণ্ঠের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটেন।