
স্টাফ রিপোর্টার : হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা ও বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে একটি আইপিএস উপহার দেওয়া হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) আইপিএসটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুন নবী মাসুমের হাতে আনুষ্ঠানিকভাবে আইপিএসটি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
আইপিএস হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজরুল ইসলাম, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিনুল্লাহ বেপারী এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক।
উপজেলা পর্যায়ের এই গুরুত্বপূর্ণ হাসপাতালে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। জরুরি চিকিৎসা, বহির্বিভাগের কার্যক্রম এবং বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন।
সংশ্লিষ্টদের আশা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা যুক্ত হওয়ায় লোডশেডিংয়ের সময় জরুরি চিকিৎসাসেবা ও হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হবে না। এতে রোগী ও স্বাস্থ্যকর্মীদের ভোগান্তি কমার পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবা আরও গতিশীল ও কার্যকর হবে।