
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ব্যাচ শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, দায়িত্ব পালনের বিভিন্ন কৌশল, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব যথাযথভাবে, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি আশা প্রকাশ করেন, দুদিনব্যাপী এ প্রশিক্ষণ জেলা পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার মিয়াজী আলিফ ইমরানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।