
চাঁদপুর-হাইমচর সড়কের দোকানঘর চৌরাস্তা থেকে পুরানবাজার লোহারপুল পর্যন্ত বাকি ৮০০ মিটারের সংস্কার কাজ চলতি অর্থবছর অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হতে পারে। এ জন্য অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।
চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্য অনুযায়ী, দোকানঘর থেকে লোহারপুল পর্যন্ত সড়কের মোট দৈর্ঘ্য ১ হাজার ৯০০ মিটার। এর মধ্যে ১ হাজার ১০০ মিটার অংশের সংস্কারকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের কাজের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে ‘পিএমপি (মেজর) সড়ক’ কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে।
দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সড়কে গর্ত তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলেও সমস্যা হচ্ছে বলে স্থানীয়দের দাবি।
সিএনজি অটোরিকশাচালক আনোয়ার হোসেন আনু বলেন, সড়কটির দুরবস্থার কারণে গাড়ির যন্ত্রাংশ প্রায়ই নষ্ট হচ্ছে এবং যানবাহন চলাচল কমে গেছে। তিনি দ্রুত সড়কটি মেরামতের দাবি জানান।
ক্ষুদ্র ব্যবসায়ী বাদশা মিয়াজী জানান, প্রায় আড়াই বছর ধরে সড়কটির অবস্থা খারাপ। বিশেষ করে শেষ এক বছরে যানবাহন চলাচল কমে যাওয়ায় ক্রেতাদের যাতায়াতও কমেছে এবং ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। শিক্ষার্থী লিজা, প্রিয়া ও দিয়া মনি জানান, রিকশা ও অটোরিকশা নিয়মিত না চলায় তাদের অনেক সময় হেঁটে বিদ্যালয়ে যেতে হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান জানান, বাকি অংশের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি বলেন, ১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের প্রকল্পে অর্থ বরাদ্দ পাওয়া গেলে ২০২৭ সালের জানুয়ারিতে বাকি ৮০০ মিটারের কাজ শুরু করা সম্ভব হবে।
নির্বাহী প্রকৌশলী আরও জানান, সড়কটির সংস্কার ত্বরান্বিত করতে স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ডিও লেটার দিয়েছেন। এর আলোকে দোকানঘর চৌরাস্তা থেকে পশ্চিম জাফরাবাদ মৃধা বাড়ি মসজিদ পর্যন্ত ১ হাজার ১০০ মিটার অংশের কাজ শেষ করা হয়েছে।