
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় কলেজের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ার, বিএন (অব.)। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোরআন থেকে তিলাওয়াত করেন মানবিক বিভাগের শিক্ষার্থী মো. ইসমে আজম তাহারাত। গীতা পাঠ করেন রাত্রি মজুমদার ও অসীম সিংহ রায়। ধর্মগ্রন্থ পাঠ শেষে অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক নাজমুন্নাহার, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রুম্পা রানী সাহা।
শুভেচ্ছা বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল নবীনদের নিজেদের স্বপ্ন ও লক্ষ্য নির্ধারণ করে তা বাস্তবায়নে এখন থেকেই মনোযোগী হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ার, বিএন (অব.) বলেন, একাদশ ও দ্বাদশ শ্রেণির সময় ভবিষ্যৎ জীবন গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া উচিত।
তিনি শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের পেছনে না ছুটে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজ ও দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক নাজমুন্নাহার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোসাম্মৎ মিনা আক্তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক শাহজালাল লিটন এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন কমিটির সদস্যসচিব মো. তাওহিদুল হাসানসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইংরেজি বিভাগের প্রভাষক নূর রায়হান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।