
ইউরোপে পৌঁছে ভাগ্য বদলের আশায় মৃত্যুঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার সময় গত এক সপ্তাহে মিসরের বিভিন্ন উপকূল থেকে অন্তত ১৬০ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মিসরে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মাত্রুহ উপকূল থেকে ৪৬ জন, পোর্ট সাইদ থেকে ৫৮ জন এবং দামিয়েত থেকে ৫৬ জন রয়েছেন। এসব অভিযানে বাংলাদেশিদের পাশাপাশি সুদান ও মিসরসহ বিভিন্ন দেশের ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদেরও উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া সবাই বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। উত্তাল ভূমধ্যসাগর ও অনিরাপদ রাবারের নৌযানে ঝুঁকিপূর্ণ যাত্রা থামার পর তাদের সামনে এখন দেশে ফেরার অপেক্ষা।
পরপর কয়েকটি ঘটনায় বিপুলসংখ্যক বাংলাদেশি উদ্ধার হওয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের ওপর কাজের চাপ বেড়েছে। দূতাবাস সূত্র জানায়, নিয়মিত দায়িত্বের পাশাপাশি উদ্ধার হওয়া নাগরিকদের সহায়তায় কর্মকর্তারা অতিরিক্ত ব্যস্ত সময় পার করছেন।
কোনো বাংলাদেশি উদ্ধারের খবর পাওয়ার পর প্রথমে তার পরিচয় ও নাগরিকত্ব যাচাই করা হয়। এরপর আইনি সহায়তা, কনস্যুলার সেবা এবং নিরাপদে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এ কাজে মিসরের পুলিশ, কারাকর্তৃপক্ষ, ইমিগ্রেশন, আদালত ও হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করছে দূতাবাস।