
চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির নবম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা জজ কোর্টের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।
সভাপতির বক্তব্যে সামছুন্নাহার বলেন, লিগ্যাল এইড কমিটি দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে আসছে। হতদরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে জেলা লিগ্যাল এইড কমিটি বদ্ধপরিকর।
তিনি বলেন, বর্তমানে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরও গতিশীল হয়েছে। প্রচার-প্রচারণা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে লিগ্যাল এইডের প্রতি আস্থা বেড়েছে। চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসের নিজস্ব কার্যালয় থাকলে কার্যক্রমে আরও গতি আসবে। এ জন্য ইতোমধ্যে নিজস্ব অফিসের চাহিদা পাঠানো হয়েছে।
চাঁদপুর জেলা চিফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) ও সিনিয়র সিভিল জজ মো. আবদুল আলীমের পরিচালনায় সভায় বক্তব্য দেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাসনীম জোহরা, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল।
এ ছাড়া সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কুহিনুর বেগম, চাঁদপুর জেলা কারাগারের সুপারের প্রতিনিধি জুবাইর হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, জীবনদীপ মানব উন্নয়ন সেবামূলক সংস্থার সভাপতি বিনয় ভূষণ মজুমদার, জিপি অ্যাডভোকেট রফিকুল হাসান, এপিপি অ্যাডভোকেট শিরিন আক্তার সুপ্তা, ডিস্ট্রিক্ট ম্যানেজার মমতাজ বেগমসহ লিগ্যাল এইড কমিটির সদস্যরা।