
আজ ১ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) ৩৬তম ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’.
জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর ১ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, মোবাইল অপারেটরদের মাধ্যমে প্রবীণদের মর্যাদা বিষয়ে খুদেবার্তা পাঠানো, ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের উদ্যোগ নিয়েছে।
বাণীতে রাষ্ট্রপতি প্রবীণদের কল্যাণে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহিতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তি এবং পরিবারগুলোকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি প্রবীণদের প্রতি ভালোবাসা, তাঁদের হাসিমুখ ও নিরাপদ বার্ধক্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রবীণ ব্যক্তিরা পরিবার ও সমাজের ভিত্তি। তাঁদের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার ওপর আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তিনি পরিবার, সমাজ ও রাষ্ট্র—তিন স্তরেই প্রবীণদের প্রতি সম্মান, সহানুভূতি ও দায়িত্বশীলতার চর্চা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা জানান।
প্রধানমন্ত্রীর বাণীতে প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও সুসংহত করার উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে।
দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশের সব জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়কে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেবাগ্রহীতা ও অংশীজনদের নিয়ে কর্মসূচি আয়োজনের নির্দেশনা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।