
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ৭ম ‘মেনা হায়ার এডুকেশন লিডারশিপ ফোরাম ২০২৬’-এ অন্যতম মূল বক্তা হিসেবে অংশ নিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ দুবাইয়ের কেম্পিনস্কি সেন্ট্রাল অ্যাভিনিউয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সেন্টার ফর লার্নিং ইনোভেশনস অ্যান্ড কাস্টমাইজড নলেজ সলিউশন্স (ক্লিকস) আয়োজিত ফোরামের প্রতিপাদ্য ছিল ‘বৈশ্বিক চ্যালেঞ্জ, স্থানীয় প্রভাব : একটি সহনশীল ভবিষ্যৎ গঠনে উচ্চশিক্ষার ভূমিকা’। এতে উচ্চশিক্ষা, সরকার, শিল্পখাত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় দিন ২৯ সেপ্টেম্বর ‘সীমানা পেরিয়ে : কর্মক্ষেত্রের উপযোগিতা ও সামাজিক প্রভাব তৈরিতে একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা’ শীর্ষক উদ্বোধনী প্যানেল আলোচনায় বক্তব্য দেন ড. মো. সবুর খান। ইউনিভার্সিটি অব বার্মিংহাম দুবাইয়ের প্রভোস্ট অধ্যাপক ইউসরা মুজুগির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত ও অন্যান্য অংশীজনের সহযোগিতা, শিক্ষা ও দক্ষতার মাধ্যমে সামাজিক পরিবর্তন এবং শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলার বিষয়গুলো উঠে আসে।
ড. মো. সবুর খান বলেন, শিক্ষার্থীদের শুধু কর্মসংস্থানের উপযোগী করে প্রস্তুত করাই যথেষ্ট নয়; তাদের উদ্ভাবনে উৎসাহিত করা, নতুন সুযোগ তৈরির সক্ষমতা গড়ে তোলা এবং সমাজে কার্যকর অবদানের মানসিকতা তৈরি করাও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
প্যানেল আলোচনায় আরও অংশ নেন আমেরিকান ইউনিভার্সিটি অব রাস আল খাইমাহর প্রেসিডেন্ট অধ্যাপক বাসাম আলামেদ্দিন, আজমান ইউনিভার্সিটির চ্যান্সেলর ড. করিম সেগির, মিশরের ব্রিটিশ ইউনিভার্সিটির কর্মসংস্থানবিষয়ক সহযোগী উপাচার্য ও ডিন অধ্যাপক আহমেদ এলসেরাগি, সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা ও মানব উন্নয়ন এবং শ্রমবাজারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ড. কিনান বাহনাসি এবং ম্যাকগ্র-হিল ইন্টারন্যাশনালের উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক মরওয়েনা ক্র্যাগো।
আন্তর্জাতিক উচ্চশিক্ষার এই মঞ্চে ড. মো. সবুর খানের অংশগ্রহণ বৈশ্বিক শিক্ষাঙ্গনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান এবং উচ্চশিক্ষা, উদ্ভাবন, কর্মসংস্থানমুখী দক্ষতা ও সামাজিক উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক মতবিনিময়ের সুযোগকে তুলে ধরেছে।