
চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভায় জেলা প্রশাসক বলেন, যাচাই-বাছাই ছাড়া অনেকেই নিউজ পোর্টাল পরিচালনা করছেন। একই সঙ্গে ফেসবুকনির্ভর সাংবাদিকতাও বেড়েছে। তথ্যসমৃদ্ধ না হওয়ায় ভুল সংবাদে বিভ্রান্তি ছড়ায়, যা রাষ্ট্র ও প্রশাসনের ক্ষতি করে। অপসাংবাদিকতা রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে দ্রুত বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হয়েছে উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক। নিষ্ক্রিয় জেলা প্রশাসনের ‘মিডিয়া সেল’ দ্রুত সচল করা, প্রেস ক্লাবের জন্য কম্পিউটার সামগ্রী প্রদান এবং সাংবাদিকদের আবাসনের জন্য সরকারি জমি বরাদ্দের বিষয়টি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিবেচনার আশ্বাস দেন তিনি।
জেলায় মাদক নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি এবং ইলিশ সংরক্ষণ অভিযানে খালের মুখ বন্ধ করে পুলিশ পাহারা নিশ্চিত করার কথা জানান আহমেদ জিয়াউর রহমান। চাঁদপুরের সৌন্দর্যবর্ধনে নজরুল পার্ক ও পানি উন্নয়ন বোর্ডের অব্যবহৃত জমিতে তিনটি পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও বলেন তিনি। মোটরসাইকেলে ‘প্রেস’ লেখা ব্যবহারে নিয়ম-নীতি অনুসরণের তাগিদ দেন জেলা প্রশাসক।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, জেলার সাংবাদিকরা প্রেস ক্লাবের নেতৃত্বে ঐক্যবদ্ধ। পেশাগত দায়িত্ব পালনে মাঠপর্যায়ে সাংবাদিকদের ঝুঁকি নিতে হয়। সংবাদমাধ্যম ও সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে পেশা ও প্রেস ক্লাবের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। হলুদ সাংবাদিকতা রোধে আইনগত ব্যবস্থা নেওয়ার ওপরও জোর দেন সোহেল রুশদী।
সভায় প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের আবাসনের জন্য জমি বরাদ্দ, পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণে সহযোগিতা এবং প্রেস ক্লাবের জন্য আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী বরাদ্দের দাবি জানানো হয়।
পরিচয় পর্বের পর জাতিসংঘের ৮১তম অধিবেশনে সংবাদ সংগ্রহ শেষে দেশে ফেরায় চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশাকে জেলা প্রশাসন ও প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
সভায় বাবুরহাট এলাকায় পৌরসভার নাম ভাঙিয়ে গণপরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ জেলা প্রশাসকের দৃষ্টিগোচর করেন সাংবাদিকরা। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, চাঁদপুর প্রেস ক্লাবের কর্মকর্তা এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।