
স্টাফ রিপোর্টার : জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘দেশ সেরা স্বর্ণপদক-২০২৬’ অর্জন করেছেন চাঁদপুরের তরুণ নৃত্যশিল্পী আকাশ হোসেন পলাশ। নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ‘নৃত্যময়’ আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতার ‘গ’ বিভাগে একক লোকনৃত্যে অংশ নিয়ে নিজের নৃত্যশৈলী ও নৈপুণ্যে বিচারকদের নজর কাড়েন তিনি। এতে করে চূড়ান্ত প্রতিযোগিতায় সেরাদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে অর্জন করেন এই স্বর্ণপদক।
গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে আকাশ হোসেন পলাশের হাতে স্বর্ণপদক মেডেল, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
আয়োজক সংশ্লিষ্টরা জানান, নৃত্যের প্রতি আকাশের দীর্ঘদিনের অনুরাগ, নিয়মিত অনুশীলন এবং লোকসংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা তার এই সাফল্যে ভূমিকা রেখেছে।
আকাশ হোসেন পলাশ চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর একজন শিক্ষার্থী। তিনি চাঁদপুর শহরের নতুন বাজার দক্ষিণ গুনরাজদী এলাকার মো. জাকির হোসেন ও ফিরোজা বেগমের ছেলে। চাঁদপুর শিল্পকলা একাডেমিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি।
নিজের অর্জন সম্পর্কে আকাশ হোসেন পলাশ বলেন, “এই স্বর্ণপদক আমার জন্য শুধু একটি পুরস্কার নয়, এটি আমার দীর্ঘদিনের পরিশ্রম, অনুশীলন ও স্বপ্নের স্বীকৃতি। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।” পরিবার, শিক্ষক এবং নৃত্যচর্চায় উৎসাহ ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আকাশ বলেন, ভবিষ্যতে নৃত্যচর্চা আরও গভীর করার পাশাপাশি দেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চান। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করারও স্বপ্ন রয়েছে তার।
আকাশের এই অর্জনে আনন্দিত তার পরিবার ও নৃত্যাঙ্গনের সহশিল্পীরা। নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য অর্জন করবেন বলে প্রত্যাশা তাদের।