
নিজস্ব প্রতিবেদক : ঢাকার মিরপুর পল্লবীস্থ সিটি ক্লাব গ্রাউন্ডে চলমান সিটি ক্লাব একাডেমি কাপ ইউ-১৮ টি-টোয়েন্টি টুর্নামেন্ট ২০২৬-এ দারুণ নৈপুণ্য দেখিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী বনানী স্পোর্টস এরেকিনাকে বড় ব্যবধানে পরাজিত করে দলটি এই গৌরব অর্জন করে।
ম্যাচে প্রথমে ব্যাট করে বনানী স্পোর্টস এরেকিনা ১৭৩ রান সংগ্রহ করে। ক্লিন চাঁদপুরের পক্ষে মিহাদ খান মাত্র ২০ রান খরচ করে একাই শিকার করেন ৪টি উইকেট। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ক্লিন চাঁদপুর একাডেমি মাত্র ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়েই ১৭৪ রান তুলে সহজ জয় নিশ্চিত করে। দলের হয়ে শামীম ৩৫ বলে ঝোড়ো ৭১ রান এবং অধিনায়ক রাতুল ২৪ বলে ৪০ রান করেন।
দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে শামীম ম্যাচসেরা ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। গ্রুপ পর্বে ৪ ম্যাচের ৩টিতে জয় ও ১টি বৃষ্টিবহুল ম্যাচ মিলিয়ে মোট ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয় দলটির কিশোর ক্রিকেটাররা।
আজকের ম্যাচটি পরিচালনা করেন অভিজ্ঞ আম্পায়ার নাজমুল হোসেন ও শাহাজান টিপু। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন কো-অর্ডিনেটর মো. আহসান আল করিম তারেক এবং ধারাভাষ্যে ছিলেন তারিক সুজন।
দলের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ মুঠোফোনে তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের ছেলেরা নিজেদের প্রতিভার যোগ্য স্বাক্ষর রেখেছে। সঠিক শৃঙ্খলার মাধ্যমেই আমরা ফাইনালে পৌঁছাবো।
মাঠে সশরীরে উপস্থিত থেকে পুরো দলকে অনুপ্রেরণা জোগান ক্লিন চাঁদপুর এর সাধারণ সম্পাদক শেখ মনজুরুল কাদের সোহেল, ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফয়সাল খান এবং প্রধান কোচ পলাশ কুমার সোম।
দলের এই জয়ে প্রধান সমন্বয়ক ও সাধারণ সম্পাদক শেখ মনজুরুল কাদের সোহেল বলেন, খেলোয়াড়দের হার না মানা মানসিকতাই আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন করেছে।
এছাড়া ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফয়সাল খান বলেন, মেধা ও শৃঙ্খলার সমন্বয়ে আমাদের এই জয়যাত্রা কোয়ার্টার ফাইনালেও অব্যাহত থাকবে।